YuMuuv প্ল্যাটফর্মের
গোপনীয়তা বিজ্ঞপ্তি
সর্বশেষ হালনাগাদ: ৬ মে ২০২৫
এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে বর্ণনা করা হয়েছে, yuMuuv OÜ (এস্তোনিয়ার আইনের অধীনে নিবন্ধিত একটি কোম্পানি, যার নিবন্ধন কোড ১৪৬৩৬৭৩০ এবং নিবন্ধিত ঠিকানা Savi 4C, 50405 Tartu, Estonia; “YuMuuv”, “আমরা”, “আমাদেরকে” বা “আমাদের”) কীভাবে সেই ব্যক্তিদের (“তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি” বা “আপনি”) সম্পর্কিত তথ্য সংগ্রহ, ব্যবহার বা অন্যভাবে প্রক্রিয়াকরণ ও সুরক্ষিত রাখে, যারা www.yumuuv.com-এ উপলব্ধ আমাদের ওয়েবসাইট ও আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন (এরপর সম্মিলিতভাবে “YuMuuv প্ল্যাটফর্ম” নামে উল্লেখ করা হবে) ব্যবহার করেন এবং যাদের সঙ্গে আমরা অন্যভাবেও যোগাযোগ করি, যার মধ্যে YuMuuv প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের পরিষেবা দেওয়ার সময়কার যোগাযোগও অন্তর্ভুক্ত। আপনার ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রক হলো YuMuuv। আপনি info@yumuuv.com ঠিকানায় ই-মেইল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া, আমাদের তথ্য সুরক্ষা কর্মকর্তার সঙ্গে dpo@yumuuv.com ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
এই গোপনীয়তা বিজ্ঞপ্তি ও প্রযোজ্য তথ্য সুরক্ষা আইন, বিশেষ করে সাধারণ তথ্য সুরক্ষা প্রবিধান (EU) ২০১৬/৬৭৯ অনুযায়ী আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব YuMuuv-এর।
চাকরিপ্রার্থীদের ব্যক্তিগত তথ্য আমরা কীভাবে প্রক্রিয়াকরণ করি, সে সম্পর্কে আরও জানতে, এই গোপনীয়তা বিজ্ঞপ্তির শেষে দেওয়া পরিশিষ্ট দেখুন।
১. আমরা যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি ও যেভাবে ব্যবহার করি
ব্যক্তিগত তথ্য বলতে কোনো শনাক্তকৃত বা শনাক্তযোগ্য স্বাভাবিক ব্যক্তি সম্পর্কিত যেকোনো তথ্য বোঝায়। তথ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা YuMuuv প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় আমরা সাধারণত সরাসরি তাদের কাছ থেকেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি অনুমতি দিলে, Google Fit, Apple Health, Garmin, Fitbit, Suunto, Polar, Health Connect-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ও পরিধানযোগ্য ডিভাইসের সঙ্গে সংযুক্তির মাধ্যমেও আমরা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি।
১.১. আমাদের পরিষেবা পেতে অ্যাকাউন্ট নিবন্ধন
YuMuuv প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সুস্থতা-সংক্রান্ত পরিষেবা পেতে অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য আমরা আপনাকে ই-মেইল ঠিকানা দিতে ও একটি পাসওয়ার্ড বেছে নিতে বলি। আপনি তৃতীয় পক্ষের কোনো পরিষেবা প্রদানকারীর মাধ্যমে অ্যাকাউন্ট নিবন্ধন করার সিদ্ধান্ত নিলে, আমরা সেই পরিষেবা প্রদানকারীর কাছে থাকা আপনার অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি, যেমন আপনার নাম, ই-মেইল ঠিকানা, পছন্দের ভাষা ও প্রোফাইল ছবি।
এসব উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো আপনার স্বতন্ত্র অ্যাকাউন্ট তৈরি করা এবং আপনাকে YuMuuv প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের বৈধ স্বার্থ।
১.২. আমাদের সুস্থতা-সংক্রান্ত পরিষেবা ও অন্যান্য ফিচার ব্যবহার
আপনাকে আমাদের সুস্থতা-সংক্রান্ত পরিষেবা ও অন্যান্য ফিচার দেওয়ার উদ্দেশ্যে—যেমন আপনার ব্যক্তিগত অগ্রগতি পর্যবেক্ষণ ও কার্যকলাপের প্রতিবেদন তৈরি করা, আপনাকে চ্যালেঞ্জ আয়োজন ও তাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং চ্যাটের মাধ্যমে অন্য ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া—আমরা আপনার অনুরোধ করা পরিষেবা বা সুবিধা দিতে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করি। এসব তথ্যের মধ্যে থাকতে পারে আপনার নাম, ই-মেইল ঠিকানা, বয়স, লিঙ্গ, পছন্দের ভাষা, ওজন ও উচ্চতা, আপনার শারীরিক কার্যকলাপের তথ্য (কার্যকলাপের ধরন, তারিখ ও সময়কাল, পদক্ষেপ, দূরত্ব, পোড়ানো ক্যালরি, কার্যকলাপের প্রতিবেদনসহ), আপনার আয়োজিত ও অংশগ্রহণ করা চ্যালেঞ্জ, আপনি যে কোম্পানি বা প্রতিষ্ঠানের অংশ তার তথ্য এবং YuMuuv প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় আপনার দেওয়া অন্য যেকোনো তথ্য। এসব উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো আপনার সঙ্গে সম্পাদিত চুক্তি পালন করা অথবা আপনি যে আইনি সত্তার প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গে সম্পাদিত চুক্তি পালনের ক্ষেত্রে আমাদের বৈধ স্বার্থ।
এই উদ্দেশ্যে প্রক্রিয়াকৃত কিছু তথ্য বিশেষ শ্রেণির ব্যক্তিগত তথ্যের অন্তর্ভুক্ত হতে পারে (বিশেষ করে আপনার স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য)। এ ধরনের তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো আপনার স্পষ্ট সম্মতি। আপনি যেকোনো সময় আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন। এ ছাড়া, আপনি অন্য সুস্থতা-সংক্রান্ত অ্যাপ্লিকেশন ও পরিধানযোগ্য ডিভাইসকে YuMuuv প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করে আমাদের পরিষেবা ব্যবহারের সিদ্ধান্ত নিলে, আপনার সম্মতির ভিত্তিতে আমরা এসব অ্যাপ্লিকেশন ও ডিভাইসের সঙ্গে সম্পর্কিত কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি। আপনি যেকোনো সময় YuMuuv প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা ব্যবহৃত অ্যাপ্লিকেশন বা ডিভাইসের সেটিংস থেকে সম্মতি প্রত্যাহার করে এসব সংযুক্তি বন্ধ করতে পারেন।
অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি চ্যালেঞ্জে অংশগ্রহণ করলে আপনার কার্যকলাপের কিছু তথ্য একই চ্যালেঞ্জে অংশ নেওয়া অন্য ব্যবহারকারীদের কাছে প্রকাশ করা হতে পারে। এই উদ্দেশ্যে আপনার স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য বা অন্য বিশেষ শ্রেণির তথ্য অন্য ব্যবহারকারীদের কাছে প্রকাশ করা হবে না।
১.৩. জিজ্ঞাসা ও উত্তর
আমাদের পরিষেবার ডেমো বুক করাসহ যেকোনো বিষয়ে YuMuuv প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কাছে জিজ্ঞাসা পাঠালে, সেই জিজ্ঞাসার বিষয়বস্তু অনুযায়ী আমরা আপনার কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। এসব উদ্দেশ্যে আমরা আপনার নাম, ই-মেইল ঠিকানা, আপনি যে সত্তার প্রতিনিধিত্ব করেন তার তথ্য, প্রস্তাবিত বৈঠকের মাধ্যম, অতিরিক্ত অংশগ্রহণকারীদের বিবরণ এবং জিজ্ঞাসার অন্যান্য বিষয়বস্তুর মতো ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারি (প্রযোজ্য ক্ষেত্রে)।
আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো আপনার সঙ্গে (অথবা আমাদের বৈধ স্বার্থের ভিত্তিতে আপনি যে সত্তার প্রতিনিধিত্ব করেন তার সঙ্গে) চুক্তি সম্পাদনের আগে প্রাক্-চুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা, অথবা সাধারণভাবে আমাদের ও আমাদের পরিষেবা সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের বৈধ স্বার্থ। আপনার অনুরোধটি আমাদের চুক্তিভিত্তিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত হলে, আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ভিত্তি হবে আমাদের চুক্তিগত দায়বদ্ধতা পালন করার বাধ্যবাধকতা।
১.৪. নিরাপত্তাসহ YuMuuv প্ল্যাটফর্মের উন্নতি ও বিকাশ
এসব উদ্দেশ্যে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারি, যেমন আপনার আইপি ঠিকানা, ব্যবহৃত ডিভাইস, ই-মেইল ও অন্যান্য যোগাযোগ এবং YuMuuv প্ল্যাটফর্মের ব্যবহার ও এতে অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত যেকোনো ব্যবহার, নেভিগেশন, বিশ্লেষণ ও লগ তথ্য। এসব উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে আমরা কুকি ও অনুরূপ প্রযুক্তিও ব্যবহার করতে পারি। কুকির ব্যবহার (আইনি ভিত্তি ও উদ্দেশ্যসহ) সম্পর্কে আমাদের কুকি বিজ্ঞপ্তিতে বর্ণনা করা হয়েছে, যা https://yumuuv.com/cookie-notice-এ পাওয়া যাবে।
এই উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো YuMuuv প্ল্যাটফর্মের কার্যকারিতা ক্রমাগত উন্নত করতে আমাদের অংশীদার ও ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দ আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে আমাদের বৈধ স্বার্থ। এর মধ্যে বিশ্লেষণ পরিচালনা এবং YuMuuv প্ল্যাটফর্মের প্রযুক্তিগত প্রাপ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।
১.৫. চুক্তিভিত্তিক ও ব্যবসায়িক সম্পর্ক ব্যবস্থাপনা
আমাদের অংশীদারদের ডেটাবেসসহ চুক্তিভিত্তিক ও ব্যবসায়িক সম্পর্ক পরিচালনার উদ্দেশ্যে, এ ধরনের আইনি সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদের বৈধ স্বার্থের ভিত্তিতে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারি। প্রধানত আমাদের ব্যবসায়িক অংশীদারদের প্রতিনিধিদের নাম ও যোগাযোগের বিবরণ এবং তাদের সঙ্গে আমাদের চিঠিপত্র ও যোগাযোগ এই প্রক্রিয়াকরণের আওতায় পড়ে। এ উদ্দেশ্যে আমরা আমাদের ব্যবসায়িক গ্রাহকদের অর্থপ্রদান ও লেনদেন সম্পর্কিত তথ্যও প্রক্রিয়াকরণ করতে পারি, যেমন সাবস্ক্রিপশনের ধরন, ব্যবহৃত অর্থপ্রদানের পদ্ধতি ও ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। এসব তথ্যে সীমিত পরিসরে ব্যক্তিগত তথ্য থাকতে পারে।
১.৬. আমাদের আইনি বাধ্যবাধকতা পালন
প্রযোজ্য আইন, যেমন হিসাবরক্ষণ ও কর আইন থেকে উদ্ভূত বাধ্যবাধকতা পালনের উদ্দেশ্যে, সংশ্লিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে আমাদের বাধ্য করে এমন আইনি বিধানের ভিত্তিতে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারি। অর্থপ্রদান ও লেনদেন সম্পর্কিত আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।
১.৭. সরাসরি যোগাযোগ
আপনি YuMuuv প্ল্যাটফর্মে আমাদের পুশ নোটিফিকেশন এবং/অথবা ই-মেইল বার্তা পাওয়ার বিকল্প বেছে নিলে এবং এ ধরনের যোগাযোগে সম্মতি দিলে, আমরা আপনাকে পুশ নোটিফিকেশন পাঠাতে পারি এবং/অথবা আপডেট, অফার ও অন্যান্য বিষয়বস্তু পাঠাতে আপনার ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারি।
আপনার সঙ্গে সরাসরি যোগাযোগের আইনি ভিত্তি হলো আপনার সম্মতি। এ ধরনের বার্তা পাওয়া বন্ধ করতে আপনি যেকোনো সময় আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন।
১.৮. সম্ভাব্য আইনি দাবি প্রতিষ্ঠা, প্রয়োগ ও প্রতিরক্ষা
প্রয়োজনে, আমাদের ও আপনার (অথবা আপনি যে সত্তার প্রতিনিধিত্ব করেন তার) মধ্যকার আইনি সম্পর্ক থেকে উদ্ভূত বা এর সঙ্গে সম্পর্কিত আইনি দাবি প্রতিষ্ঠা, প্রয়োগ বা তার বিরুদ্ধে প্রতিরক্ষার উদ্দেশ্যে আমাদের বৈধ স্বার্থের ভিত্তিতে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারি।
২. ব্যক্তিগত তথ্য প্রকাশ ও স্থানান্তর
আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের কর্মী ও অংশীদারদের কাছে সব সময় উচ্চমানের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখার দাবি জানাই।
আমরা আপনার ব্যক্তিগত তথ্যের কিছু শ্রেণি নিম্নোক্ত ক্ষেত্রে প্রকাশ ও শেয়ার করতে পারি:
- আপনি সুস্থতা-সংক্রান্ত চ্যালেঞ্জে অংশগ্রহণ করলে অন্য ব্যবহারকারীদের সঙ্গে (চ্যালেঞ্জের আয়োজকদের কাছেও);
- আমাদের বিশ্বস্ত পরিষেবা প্রদানকারীদের সঙ্গে, যখন তারা আমাদের পক্ষ থেকে ও আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের বা আপনাকে পরিষেবা দেয় (যেমন ক্লাউডভিত্তিক ও অর্থপ্রদান পরিষেবা প্রদানকারী, আইটি সহায়তা, আইনি ও হিসাবরক্ষণ পরিষেবা প্রদানকারী ইত্যাদি)। এসব ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যের ব্যবহার আমরা নিয়ন্ত্রণ করব এবং এর জন্য দায়বদ্ধ থাকব;
- আমাদের বিশ্লেষণের সরঞ্জাম প্রদানকারী অংশীদারদের সঙ্গে (যারা বিশেষ করে পরিসংখ্যানমূলক ব্রাউজিং তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে, যেমন Google Analytics);
- সরকারি কর্তৃপক্ষের কাছে, যদি প্রযোজ্য আইন অনুযায়ী বা কর্তৃপক্ষের বৈধ অনুরোধ মেনে ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে আমরা বাধ্য হই; এবং
- আমাদের ব্যবসা বা এর কোনো অংশের একীভূতকরণ, অধিগ্রহণ বা বিক্রয়ের ক্ষেত্রে।
সীমিত কিছু ক্ষেত্রে আমরা আপনার ব্যক্তিগত তথ্য ইউরোপীয় অর্থনৈতিক এলাকার বাইরে স্থানান্তর করতে পারি। সে ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা যথাযথ সুরক্ষাব্যবস্থা প্রয়োগ করি, যেমন স্থানান্তরের জন্য ইউরোপীয় কমিশন নির্ধারিত মানসম্মত চুক্তির ধারা। আপনার ব্যক্তিগত তথ্য স্থানান্তর সম্পর্কে আরও জানতে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ জন্য এই গোপনীয়তা বিজ্ঞপ্তির শুরুতে দেওয়া যোগাযোগের বিবরণ ব্যবহার করুন।
৩. আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ
ওপরে বর্ণিত ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের মূল উদ্দেশ্যগুলো পূরণের জন্য যত দিন প্রয়োজন, আমরা শুধু তত দিনই আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করি। আপনার অধিকাংশ ব্যক্তিগত তথ্য আমাদের সঙ্গে আইনি সম্পর্কের শেষ পর্যন্ত, অর্থাৎ YuMuuv প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত সংরক্ষণ করা হবে। তবে আমাদের বৈধ স্বার্থ পূরণের জন্য প্রয়োজন হলে বা প্রযোজ্য আইন থেকে উদ্ভূত বাধ্যবাধকতা পালনের জন্য আবশ্যক হলে, আমরা আপনার কিছু ব্যক্তিগত তথ্য আরও বেশি সময় ধরে রাখতে পারি।
প্রক্রিয়াকৃত ব্যক্তিগত তথ্যের পরিমাণ, প্রকৃতি ও সংবেদনশীলতা, অননুমোদিত ব্যবহার বা প্রকাশের ফলে ক্ষতির সম্ভাব্য ঝুঁকি, অন্য কোনো উপায়ে প্রক্রিয়াকরণের উদ্দেশ্য পূরণ করা সম্ভব কি না এবং প্রযোজ্য আইন থেকে উদ্ভূত শর্তগুলোর ভিত্তিতে আমরা ব্যক্তিগত তথ্য সংরক্ষণের উপযুক্ত মেয়াদ নির্ধারণ করি।
প্রক্রিয়াকরণের উদ্দেশ্য পূরণের জন্য আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণের আর প্রয়োজন না থাকলে তা স্থায়ীভাবে মুছে ফেলা হবে, যদি না আপনি আমাদের ভিন্ন নির্দেশ দেন এবং আরও দীর্ঘ সময় আপনার তথ্য সংরক্ষণের শর্তে আমরা সম্মত হই।
৪. তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার অধিকার
এই গোপনীয়তা বিজ্ঞপ্তির শুরুতে দেওয়া যোগাযোগের বিবরণ ব্যবহার করে আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনি প্রযোজ্য আইন অনুযায়ী অনুমোদিত সীমার মধ্যে তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার অধিকার প্রয়োগ করতে পারেন, যার মধ্যে রয়েছে:
- আপনি আপনার ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার চাইতে পারেন;
- প্রযোজ্য আইন অনুযায়ী অনুমোদিত সীমার মধ্যে আপনি আমাদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য সংশোধন, হালনাগাদ, পরিবর্তন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। কিছু ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যের প্রক্রিয়াকরণ সীমিত করার এবং এর বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকারও থাকতে পারে;
- আপনি আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করলে মনে রাখবেন, এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে নির্ধারিত উদ্দেশ্যগুলো পূরণের জন্য কিছু ব্যক্তিগত তথ্য একান্ত প্রয়োজনীয় এবং প্রযোজ্য আইন অনুযায়ী সেগুলো প্রক্রিয়াকরণ করাও আবশ্যক হতে পারে। আপনার অনুরোধে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হলে, আমরা শুধু সেই তথ্যের অনুলিপিগুলোই রাখব, যা আমাদের বা তৃতীয় পক্ষের বৈধ স্বার্থ রক্ষা, কর্তৃপক্ষের আদেশ পালন, বিরোধ নিষ্পত্তি, সমস্যার সমাধান অথবা আপনার (অথবা আপনি যে সত্তার প্রতিনিধিত্ব করেন তার) সঙ্গে আমাদের সম্পাদিত কোনো চুক্তি কার্যকর করার জন্য প্রয়োজনীয়। তাই এ ধরনের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা নাও হতে পারে;
- যেখানে প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি আপনার সম্মতি, সেখানে আপনি ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে দেওয়া সম্মতি প্রত্যাহার করতে পারেন। মনে রাখবেন, সম্মতি প্রত্যাহার করার আগে সেই সম্মতির ভিত্তিতে করা ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের বৈধতা এতে প্রভাবিত হয় না;
- আপনি তথ্য বহনযোগ্যতার অধিকার প্রয়োগ করতে পারেন। কিছু ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী আমরা বাধ্য হলে বা অনুমতি পেলে আপনার অনুরোধ সীমিত বা প্রত্যাখ্যান করতে পারি, যেমন আমাদের বাণিজ্যিক গোপনীয়তা বা অন্য কোনো গোপন তথ্য রক্ষার বৈধ স্বার্থে প্রয়োজন হলে; এবং
- প্রযোজ্য আইন অনুযায়ী অনুমোদিত সীমার মধ্যে আপনি আমাদের বৈধ স্বার্থ সম্পর্কে এবং তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার অধিকার ও স্বার্থের চেয়ে আমাদের বৈধ স্বার্থ কেন বেশি গুরুত্ব পায় বলে আমরা মনে করি, সে সম্পর্কে আরও তথ্য চাইতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি আমাদের বৈধ স্বার্থ হলে এটি প্রযোজ্য।
প্রযোজ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা আপনার অনুরোধের উত্তর দেব এবং গোপনীয়তা-সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানাব। মনে রাখবেন, তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার অধিকার প্রয়োগের অনুরোধ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আগে আপনার পরিচয় যথাযথভাবে যাচাই করতে আমরা অতিরিক্ত তথ্য চাইতে পারি।
আমাদের উত্তরে আপনি সন্তুষ্ট না হলে বা আপনার গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে আশঙ্কা করলে, আপনার স্থানীয় তদারকি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর অধিকার রয়েছে। ইউরোপীয় তদারকি কর্তৃপক্ষগুলোর তালিকা ও যোগাযোগের বিবরণ এখানে পাওয়া যাবে।
৫. নিরাপত্তাব্যবস্থা
আপনার ব্যক্তিগত তথ্য হারানো, ধ্বংস, অপব্যবহার এবং অননুমোদিত প্রবেশ বা প্রকাশ থেকে রক্ষা করতে আমরা যুক্তিসংগত প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যবস্থা (ভৌত, ইলেকট্রনিক ও প্রশাসনিক ব্যবস্থাসহ) গ্রহণ করি। বিশেষ শ্রেণির ব্যক্তিগত তথ্যের (বিশেষ করে স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য) সুরক্ষায় অতিরিক্ত বিধিনিষেধ বা ব্যবস্থাও প্রয়োগ করি; উদাহরণস্বরূপ, এ ধরনের তথ্য অন্য সব ব্যক্তিগত তথ্য থেকে আলাদাভাবে সংরক্ষণ করা হয়।
মনে রাখবেন, ইন্টারনেটে তথ্য পাঠানোর বা ইলেকট্রনিকভাবে তথ্য সংরক্ষণের কোনো পদ্ধতিই পুরোপুরি নিরাপদ নয়। আপনার ব্যক্তিগত তথ্য হারানো, ধ্বংস, অননুমোদিত প্রবেশ, অপব্যবহার বা প্রকাশ থেকে রক্ষা করতে আমরা সব যুক্তিসংগত প্রচেষ্টা করলেও, আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারি না।
৬. এই গোপনীয়তা বিজ্ঞপ্তির হালনাগাদ
সময়ের সঙ্গে কোনো পরিবর্তন এলে তার সঙ্গে সামঞ্জস্য রাখতে আমরা এই গোপনীয়তা বিজ্ঞপ্তি হালনাগাদ করতে পারি। উল্লেখযোগ্য কোনো হালনাগাদ করা হলে, আপনি বা যে কোম্পানির পক্ষ থেকে আপনি আমাদের পরিষেবা ব্যবহার করেন, সেই কোম্পানি আমাদের যে ই-মেইল ঠিকানা দিয়েছে, তাতে আমরা আপনাকে জানাব। এই গোপনীয়তা বিজ্ঞপ্তি ওপরে উল্লেখ করা “সর্বশেষ হালনাগাদ” তারিখে শেষবার হালনাগাদ করা হয়েছে।
নিয়োগ-সংক্রান্ত গোপনীয়তা বিজ্ঞপ্তির পরিশিষ্ট
আপনি নিজ উদ্যোগে অথবা আমাদের বা আমাদের পক্ষ থেকে পরিচালিত নির্দিষ্ট প্রার্থী অনুসন্ধানের ফলে আমাদের কোনো শূন্যপদে আবেদন করলে, আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে প্রক্রিয়াকরণ করা হয় তা এই গোপনীয়তা বিজ্ঞপ্তির পরিশিষ্টে বর্ণনা করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে এই পরিশিষ্ট ইন্টার্নশিপের আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এই পরিশিষ্টে অন্তর্ভুক্ত নয় এমন বিষয়গুলো গোপনীয়তা বিজ্ঞপ্তির সাধারণ অংশে বর্ণনা করা হয়েছে (যেমন আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ ও স্থানান্তর, তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার অধিকার সম্পর্কে তথ্য)।
১. আমরা যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি
আপনার সম্ভাব্য নিয়োগকর্তা হিসেবে আমরা বিভিন্ন উপায়ে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। বিশেষ করে, নিয়োগপ্রক্রিয়ায় আপনি সরাসরি যে ব্যক্তিগত তথ্য দেন, আমরা তা প্রক্রিয়াকরণ করি। নিয়োগ সংস্থার কাছ থেকেও আমরা আপনার ব্যক্তিগত তথ্য পেতে পারি। প্রযোজ্য আইন অনুযায়ী অনুমোদিত সীমার মধ্যে আমরা অন্যান্য তৃতীয় পক্ষের কাছ থেকেও আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি, যেমন উন্মুক্ত ডেটাবেস ও নিয়োগ পোর্টাল। এ ছাড়া, আপনার শিক্ষাপ্রতিষ্ঠান, পূর্ববর্তী নিয়োগকর্তা এবং চাকরির আবেদনে উল্লিখিত রেফারেন্সদাতাদের সঙ্গে যোগাযোগ করেও তথ্য সংগ্রহ করতে পারি।
নিয়োগপ্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কিছু ব্যক্তিগত তথ্য আমরা সংগ্রহ করতে পারি, যার মধ্যে রয়েছে:
- সাধারণ ব্যক্তিগত তথ্য, যেমন আপনার নাম, ব্যক্তিগত পরিচয় কোড, নাগরিকত্ব, লিঙ্গ, জন্মতারিখ ও জন্মস্থান এবং যোগাযোগের ভাষা;
- যোগাযোগের বিবরণ, যেমন আপনার ই-মেইল ঠিকানা, বাসার ঠিকানা ও ফোন নম্বর;
- আপনার চাকরির আবেদন ও জীবনবৃত্তান্তে (সিভি) থাকা তথ্য, যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার স্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান, ভাষাগত দক্ষতা, পূর্ববর্তী নিয়োগকর্তা, কাজের বিবরণ ও পদবি, অভিজ্ঞতা (পূর্ববর্তী চাকরির শুরু ও শেষের তারিখসহ), চলমান ও সম্পন্ন প্রশিক্ষণ এবং অর্জিত সনদ, কাঙ্ক্ষিত পদ, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে ভিসা এবং/অথবা বসবাসের অনুমতি থাকা বা প্রয়োজন হওয়া সম্পর্কিত তথ্য (অর্থাৎ অন্য স্থানে চলে যাওয়ার সম্ভাবনা);
- নিয়োগপ্রক্রিয়ায় সংগৃহীত ও প্রক্রিয়াকৃত অন্যান্য তথ্য, যেমন নিয়োগপ্রক্রিয়ার অবস্থা, নিয়োগপ্রক্রিয়া-সংক্রান্ত তথ্যের আদান-প্রদান (বিশেষ করে সাক্ষাৎকারে সংগৃহীত তথ্য), সুপারিশ ও রেফারেন্সদাতাদের তথ্য, সক্ষমতা পরীক্ষা ও উপযুক্ততা যাচাইয়ের অনুশীলন (প্রযোজ্য ক্ষেত্রে), নিয়োগপ্রক্রিয়ার ফলাফল ও তার কারণ সম্পর্কে তথ্য।
চাকরির আবেদন জমা দেওয়ার সময় বা নিয়োগপ্রক্রিয়া চলাকালে আপনি স্বেচ্ছায় আমাদের যে অন্য ব্যক্তিগত তথ্য দেন, তা-ও আমরা সংগ্রহ করতে পারি। তাই আপনি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য দিতে পারেন, তবে নিয়োগপ্রক্রিয়ার জন্য সাধারণত অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় না।
মনে রাখবেন, আপনার সঙ্গে চাকরির (বা পরিষেবার) চুক্তি সম্পাদনের পদক্ষেপ নিতে ওপরে তালিকাভুক্ত কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা আমাদের জন্য বাধ্যতামূলক হতে পারে। আপনি সেই তথ্য না দিলে আমরা আপনার সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি সম্পাদন করতে নাও পারি।
২. তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য ও আইনি ভিত্তি
নির্দিষ্ট ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের কার্যক্রম অনুযায়ী, নিয়োগপ্রক্রিয়া চলাকালে (এবং সীমিত পরিসরে নিয়োগের পরেও) আমরা নিম্নোক্ত উদ্দেশ্যে ও আইনি ভিত্তিতে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারি:
২.১. আপনার সঙ্গে চাকরির (বা পরিষেবার) চুক্তি সম্পাদনের আগে পদক্ষেপ গ্রহণ
এসব উদ্দেশ্যে, যার মধ্যে আপনার নিজ উদ্যোগে কোনো শূন্যপদে আবেদন করা এবং সংশ্লিষ্ট চুক্তি নিয়ে আলোচনা ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা (যেমন চুক্তি প্রস্তুত করা) অন্তর্ভুক্ত, আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো আপনার সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা (GDPR-এর অনুচ্ছেদ ৬(১)(বি))।
২.২. আমাদের বৈধ ব্যবসায়িক স্বার্থ অর্জন ও সুরক্ষা, যেমন:
- সম্ভাব্য কর্মীদের জন্য নির্দিষ্ট প্রার্থী অনুসন্ধান পরিচালনা করা এবং সেই অনুসন্ধানের ফলে আপনাকে চাকরির আবেদন জমা দেওয়ার আমন্ত্রণ জানানো;
- আপনার জমা দেওয়া চাকরির আবেদন এবং সাধারণভাবে নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে আপনার সঙ্গে যোগাযোগ করা;
- সংশ্লিষ্ট পদের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ দিতে আপনার আবেদন ও উপযুক্ততা মূল্যায়ন করা, যার মধ্যে আপনার দেওয়া তথ্য যাচাই, সক্ষমতা পরীক্ষা ও উপযুক্ততা যাচাইয়ের অনুশীলন পরিচালনা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং আপনার উল্লিখিত রেফারেন্সদাতাদের সঙ্গে যোগাযোগ অন্তর্ভুক্ত;
- আইনি দাবি প্রতিষ্ঠা, প্রয়োগ ও তার বিরুদ্ধে প্রতিরক্ষা।
এসব উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো আমাদের বৈধ স্বার্থ (GDPR-এর অনুচ্ছেদ ৬(১)(এফ))। শুধু যখন তথ্যসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার স্বার্থ ও অধিকারের চেয়ে আমাদের বৈধ স্বার্থ বেশি গুরুত্ব পায়, তখনই আমরা তার ওপর নির্ভর করি।
২.৩. ভবিষ্যতে কোনো শূন্যপদে আবেদনের আমন্ত্রণ জানাতে আপনার সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ
এসব উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হলো আপনার সম্মতি (GDPR-এর অনুচ্ছেদ ৬(১)(এ))। গোপনীয়তা বিজ্ঞপ্তির সাধারণ অংশে দেওয়া যোগাযোগের বিবরণ ব্যবহার করে আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনি যেকোনো সময় আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন। মনে রাখবেন, সম্মতি প্রত্যাহার করার আগে সেই সম্মতির ভিত্তিতে করা ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের বৈধতা এতে প্রভাবিত হয় না।
৩. আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ
এই পরিশিষ্টে বর্ণিত উদ্দেশ্যগুলো পূরণের জন্য যত দিন প্রয়োজন, আমরা তত দিন আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করি। নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার অধিকাংশ ব্যক্তিগত তথ্য সর্বোচ্চ ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। কিছু ক্ষেত্রে আমাদের বৈধ স্বার্থ রক্ষায় ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা প্রয়োজন হলে, যেমন আইনি বিরোধের ক্ষেত্রে, আরও বেশি সময় ধরে তা রাখা হতে পারে।
চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত তথ্য কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হতে থাকবে। চুক্তিভিত্তিক সম্পর্ক স্থাপনের সময় কর্মীদের জন্য প্রযোজ্য বিজ্ঞপ্তি আপনাকে দেওয়া হবে।
আপনি নির্বাচিত না হলেও ভবিষ্যতের চাকরির সুযোগের জন্য আপনার তথ্য সংরক্ষণ করতে চাইলে, আপনার সম্মতির ভিত্তিতে সেই সম্মতিতে নির্ধারিত সময় পর্যন্ত আমরা আপনার তথ্য সংরক্ষণ করব।